ঢাকায় স্বস্তির বৃষ্টি, কয়েক বিভাগে ভারী বর্ষণের আভাস

প্রকাশ :

সংশোধিত :

রোদেলা দিনের শেষে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর বুধবার বিকাল ৪টার পর ঢাকাজুড়ে শুরু হয় ঝুম বৃষ্টি, এতে কিছুটা স্বস্তি ফেরে গরমে অতিষ্ঠ নগরজীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১২ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিসের হিসাবে, ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে ভারী বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।

আবহাওয়াবিদ ফয়জুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আরও শক্তিশালী হতে পারে। এছাড়া আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই আবহাওয়াজনিত প্রভাবের কারণে বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

তবে বৃষ্টির পরও দেশের দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদী ও যশোরে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২১ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ খবর